Print Date & Time : 12 November 2026 Thursday 11:37 am

বরগুনায় কলেজ গভর্নিং বডির সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে গভর্নিং বডির প্রতিবাদ

বরগুনা জেলার বামনা উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ওই সম্মেলনে কলেজের গভর্নিং বডি জানায়, বামনা বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহসিন কবির এবং কয়েকজন শিক্ষক-কর্মচারী মিলে কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ আবদুল গাফফার জায়গাম আহসানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ আনে। এরপর কলেজের পাঠদান বন্ধ করে সভাপতির অপসারনের দাবিতে একের পর এক সংবাদ সম্মেলন করেতে থাকেন। তাদের এ মিথ্যা অভিযোগের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন গভর্নিং বডির সভাপতি সৈয়দ আবদুল গাফফার আহসান।

সংবাদ সম্মেলনে সভাপতি সৈয়দ আবদুল গাফফার আহসান বলেন, ২০১৯ সালে আমি এই কলেজের সভাপতি মনোনীত হই৷ সভাপতি হওয়ার পর বিগত ৩ বছরে কলেজের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি, ছাত্রী নিবাস সংস্কারসহ নানান উন্নয়ন মুখী কাজে ব্যাক্তিগত তহবিল থেকে ৮ লাখ টাকারও বেশি অনুদান প্রদান করি৷ সভাপতির দায়িত্ব গ্রহনের সময় কলেজ তহবিলে ৫০০ টাকা পেয়েছি৷ সেখানে তহবিল বৃদ্ধি করে কলেজের নিজস্ব তহবিলের সাথে ৩ লাখ টাকা ব্যাক্তিগত অনুদান দিয়ে মোট ১১ লাখ টাকার এফডিআর করেছি।  

তিনি আরও বলেন, কলেজের শিক্ষক-কর্মচারীরা গভর্নিং বডির সঙ্গে আলোচনা না করেই ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মাসাৎ করে। গভর্নিং বডি এতে বাধা দিলে তারা নানান অভিযোগ আনে। অসাধুরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদের পায়তারা চালাচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য//২৫  সেপ্টেম্বর-২০২২