স্টাফ রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। শুক্রবার বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘অসাধারণ এক ইনিংসের সমাপ্তি হলো। সোবার্স আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবেন।’ তার সাবেক কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারও গভীর শোক প্রকাশ করেছে।
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ব্যাট হাতে করেছেন ৮ হাজার ৩২ রান এবং বল হাতে নিয়েছেন ২৩৫ উইকেট। তার টেস্ট ক্যারিয়ারে রয়েছে ২৬টি সেঞ্চুরি, আর ব্যাটিং গড় ছিল ৫৭.৭৮।
১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলেছিলেন সোবার্স, যা তখন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল। দীর্ঘ ৩৬ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছিলেন অসাধারণ। বাঁহাতি স্পিন, পেস বোলিং—দুই ধরনের বোলিংয়েই দক্ষ ছিলেন তিনি। ফিল্ডার হিসেবেও ছিলেন অনন্য। তাই কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান তাকে ‘একের মধ্যে পাঁচ’ হিসেবে অভিহিত করেছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে সোবার্স করেছেন ২৮ হাজার ৩১৪ রান। এর মধ্যে নটিংহ্যামশায়ারের হয়ে তার সংগ্রহ ৭ হাজার ৪১ রান। ১৯৬৮ সালে এই দলের হয়ে খেলতে গিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন তিনি।
মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। ১৭ বছর বয়সেই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। শুরুতে বোলার হিসেবে পরিচিতি পেলেও পরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেন।
১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করেন সোবার্স। ১৯৭০ সালে ইংল্যান্ড সফরে রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশের নেতৃত্বও দেন তিনি।
ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত করে। পরে উইজডেন তাকে বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে স্বীকৃতি দেয়।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।