Print Date & Time : 10 November 2026 Tuesday 7:52 am

আগাম নোটিশের পরও দিল্লিতে প্রবেশে বাধা, ভারতীয় কূটনীতিক তলব

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করা হয়েছে। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে তীব্র অসন্তোষ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেন। একই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, দিল্লি বিমানবন্দরে যা ঘটেছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ “রহস্যজনক কারণে” প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি আর দিল্লি না গিয়ে কলম্বো হয়ে আজ দুপুরে ঢাকায় ফিরে আসেন।

এদিকে, আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা ছিল। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল এই উপদেষ্টার।