Print Date & Time : 12 November 2026 Thursday 10:24 pm

আবরার আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান। তাকে আজীবন স্মরণীয় রাখতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন। এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।

সেখানে আনুষ্ঠানিকভাবে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন তারা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলামসহ আরও অনেকে।

এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

২০২২ সালের ১৩ জানুয়ারি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি শহিদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়।