কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আমলা হাফেজিয়া ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা।
এবারের প্রতিযোগিতায় তারা চারটি গ্রুপে পাঁচটি পদক অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। জেলা উলামা পরিষদের তত্ত্বাবধানে ও হিফজুল কুরআন বোর্ডের উদ্যোগে বুধবার মিরপুরের তাঁতীবন্দ বাইতুস সালাম হাফেজিয়া মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ৫২টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
বিজয়ীরা হলেন— ৩০ পারা গ্রুপে মো. মাহমুদুল্লাহ রিয়াদ, ২০ পারা গ্রুপে মো. সাঈদ আল সাহাব, ১০ পারা গ্রুপে মো. জিসানুর রহমান ও মো. আবদুল্লাহ, এবং ৫ পারা গ্রুপে মো. মাহফুজুর রহমান। তারা আগামী ১ নভেম্বর কুষ্টিয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান বলেন, “একটি ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠান হয়েও টানা তিন বছর সাফল্য অর্জন আমাদের পরিশ্রম ও একতার ফল। এটি শুধু মাদরাসার নয়, পুরো আমলা ইউনিয়নের গর্ব।”
বিজয়ের আনন্দে মাদরাসা প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জেলা পর্যায়েও ভালো ফলের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।