ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে সমবেত হয়।
শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের ‘এসো হে বৈশাখ, এসো, এসো..’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে গান-আবৃত্তি-খণ্ডচিত্র ও নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় ও অধ্যাপক ড. মনজুর রহমানের পরিকল্পনায় ‘চার শতকের বর-বধুর বিবাহের সাজ-সজ্জা ও আচারের বিবর্তনের খণ্ডচিত্র’ এবং অধ্যাপক ড. মো. সাইফুজ্জামানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক মঞ্চস্থ করা হয়। এছাড়া গোপেন্দ্রনাথ চক্রবর্তীর শোলার শিল্পকর্ম প্রদর্শন করা হয়।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈশাখ আসে পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে জাগ্রত করার জন্য। এইজন্যে আমরা বৈশাখে নব আনন্দে উদ্বেলিত হই। বর্ষবরণ বাঙালি সংস্কৃতির সাথে অবিচ্ছদ্যভাবে জড়িত। অবহমানকাল ধরে তা চলে আসছে। বৈশাখকে আমরা আমাদের জীবন থেকে মুছে দিতে পারব না। বৈশাখ আমাদের হৃদয়ে নতুন জীবনের বাঁশি বাজায়, আমাদের স্বপ্ন-সাধকে জাগ্রত করে।