ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: ‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।
শনিবার দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীও পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন এবং বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। র্যালিতে শিক্ষার্থীরা পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,“ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারের প্রতিপাদ্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগে ট্যুরিজম খাত পিছিয়ে থাকলেও এখন দেশে-বিদেশে এ খাতে কাজের সুযোগ বাড়ছে। আশা করি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে এ খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।”
প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।