Print Date & Time : 12 November 2026 Thursday 5:06 am

ইবি রেজিস্ট্রারের অশালীন ভিডিও ভাইরাল, বিভিন্ন শিক্ষক সংগঠনের নিন্দা 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের চেহারা সদৃশ অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শাপলা ফোরাম।

 এর সত্যতা উদঘাটনের আগ পর্যন্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানায় তারা। তবে ভাইরাল হওয়া ভিডিওকে ‘এআই এডিটেড’ বলে দাবি করেন রেজিস্ট্রার। 

গতকাল শনিবার (১ জুন) ‘ইবির ত্রাস’ নামে ফেইসবুক আইডি থেকে এক মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে তাকে এক নারীর সাথে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে উক্ত ঘটনার তদন্তের দাবি করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়াও তদন্ত চলাকালীন রেজিস্ট্রারের পদ থেকে তাকে বিরত রাখার দাবি করেন তারা। রোববার (২ জুন) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রারের বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিতর্কিত অডিও ক্লিপের বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনতিবিলম্বে প্রকাশের দাবি জানানো হয়।

এদিকে একই ঘটনায় রেজিস্ট্রারের সাথে ঠিকাদারের অর্থনৈতিক লেনদেনের বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, অশালীন ভিডিওর বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং প্রকাশিত ঘটনার সত্যতা উদঘাটনের পূর্ব পর্যন্ত রেজিষ্ট্রারের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতির দাবি জানান প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। রোববার সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, একটি কুচক্রী মহলের চক্রান্ত এটি। ভিডিওটিতে আমার মাথা কেটে লাগানো হয়েছে। আমি এক্সপার্ট অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছে এটা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে এডিট করা হয়েছে। নিচের দিকে এক হিন্দু লোকের বডি লাগানো হয়েছে। বডি পার্টের সঙ্গে আমার বডি পার্টের কোনো মিল নেই। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে আইনগত পদক্ষেপে যাবো। 

উল্লেখ্য, ইতিপূর্বেই একাধিকবার ইবি রেজিস্ট্রারের কণ্ঠ সদৃশ অর্থ লেনদেন সংক্রান্ত কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সেই ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২ জুন ২০২৪