Print Date & Time : 12 November 2026 Thursday 11:12 pm

ইবি শিক্ষিকা হত্যা: বিচার আদায়ে সর্বোচ্চ পর্যায়ে যাব: উপাচার্য

ইরফান উল্লাহ্, ইসলামী বিশ্ববিদ্যালয়:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,‘এই বিচারের দাবি পূরণের জন্য রাজনৈতিক সরকারের যে পর্যায়ে যাওয়া লাগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সে পর্যায়ে যাবে।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রুনা হত্যার বিচার দাবিতে জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), গ্রীণ ফোরাম ও বিভিন্ন ছাত্র সংগঠনের সম্মিলিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

অপরাধী চিহ্নিতকরণ, গ্রেফতার এবং অপরাধীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রশাসন যত ধরনের সহযোগিতা চাবে, আমরা তার সবটুকু প্রদান করব।’

উপাচার্য আরও বলেন,‘বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে রুনার পরিবারকে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। এছাড়া আমরা সমাজকল্যাণ বিভাগ সচল রাখার ব্যবস্থা করেছি। রুনার স্মৃতিকে যাতে ধারণ করা যায় সে ব্যাপারে শিক্ষার্থীদের দাবি পূরণের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোখসানা মিলি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলি, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. গফুর গাজী ও গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

একইসাথে শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া নিহত আসমা সাদিয়া রুনার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে নিহত আসমা সাদিয়া রুনার স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরায় এটি অনুষ্ঠিত হয়। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।