Print Date & Time : 16 November 2026 Monday 12:31 am

ইরানের ৯০ লক্ষ্যবস্তুতে নতুন করে মার্কিন হামলা

স্টাফ রিপোর্টার : মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার ইরানের দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালী এলাকায় নতুন দফায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের রাতেও যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল। ফলে গত দুই দিনে দেশটিতে মোট পৌনে দুই শতাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন বোমাবর্ষণের ঘটনা ঘটেছে।

সেন্টকম জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের উপকূলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সম্পদ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ সক্ষমতা এবং সামরিক লজিস্টিক (সরবরাহ) অবকাঠামোসহ প্রায় ৯০টি সামরিক স্থাপনাকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস ও ধ্বংস করতেই এই অতিরিক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে, আগের রাতে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে বৃহস্পতিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত চারটি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এর পরপরই মার্কিন বাহিনী নতুন করে আরও প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক হামলা চালায়। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই সামরিক অভিযান পারস্য উপসাগরীয় অঞ্চলকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে আরও এগিয়ে দিচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।