Print Date & Time : 16 November 2026 Monday 11:27 pm

এইচএস‌সি পাস করেছেন ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর সন্তান সাগর

পটুয়াখালী প্রতিনিধি : আইজগো আমার পুতের রেজাল্ট দিয়েছে  আইজগো আমার পুতে বেঁচে থাকলে কত খুশি হইতো। আইজগো কতো কথা কইতে মায়ের লগে। এমনটা বলে কাঁদো কাঁদো চোখে এই কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট ঢাকার উত্তরায়  গুলিতে নিহত এইচএসসি পরীক্ষার্থী সাগর গাজীর মা শাহিদা বেগম।

আজ ১৫ অক্টোবর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করা হয়। রেজাল্ট পেয়েছে নিহত সাগর গাজীর পরিবারও। ৩ পয়েন্ট ৯২ পেয়ে পাস করেছে সাগর। তবে তার পরিবারের মাঝে আজ নেই কোন আনন্দ উল্লাস।

পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সাগর গাজী। উলানিয়ার ইউনিয়নের ডাকুয়া গ্রামের মোঃ সিরাজুল গাজী ও শাহিদা বেগম দম্পত্তির তিন ছেলের সবার ছোট ছেলে সাগর। পড়াশোনা শেষে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হতে তবে তার এই স্বপ্ন গুরিয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 

নিহত সাগরের বড় ভাই বলেন- সাগর ছোট বেলা থেকেই খুব মেধাবি ছিলো। ওর ইচ্ছে ছিলো বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। শহীদের রক্ত নিয়ে কেউ যেন বেইমানি না করতে পারে সেই দাবী তার।

সাগরের মা আরও জানান- সাগর চেয়েছিলো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের দুঃখ কষ্ট ঘোচাতে। আমাকে বলতো মা আমি ইঞ্জিনিয়ার হবো।