Print Date & Time : 13 November 2026 Friday 6:41 pm

একটি দল জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করছে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে জামায়াতে ইসলামীর সহযোগী যুব সংগঠনের দুই নেতা ও পৌর জামায়াতের এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় ওই ভুক্তভোগী চার যুবকদের পরিবার ওই দুই যুব সংগঠন ও পৌর জামায়াতের নেতার নাম উল্লেখ করে গত শনিবার (৩০ মে) পাটগ্রাম থানায় পৃথক চারটি অভিযোগ দেয়। পরিবারগুলো সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচীতে জামায়াতের পৌর আমির সোহেল রানা, উপজেলা যুব বিভাগের সভাপতি ইউনুস আলী ও পৌর যুব বিভাগের সভাপতি মাহিন ইসলাম জড়িত অভিযোগ করে বক্তব্য দেন। এসব অভিযোগ সঠিক নয় একটি দল এসব করাচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে পাটগ্রাম উপজেলা জামায়াত।

বুধবার (০৩ জুন) বিকেলে উপজেলার পশ্চিম চৌরঙ্গী মোড়ের ছমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মনোয়ার হোসেন লিটন।
এতে তিনি দাবি করেন, পাটগ্রাম থেকে চার যুবক রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীর হাতে বিপর্যকর পরিস্থিতিতে আটকা পড়েছেন এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী কুচক্রি মহল পাটগ্রামের জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দকে ও পৌর আমির সোহেল রানাকে জড়ানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা (জামায়াত) এ প্রতারণামূলক অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা পৌর আমির সোহেল রানার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। কিন্তু একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল নীলনকশার মাধ্যমে নিজেদের দলগত ও ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য এবং সোহেল রানাকে হেয় প্রতিপন্ন করতে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
তিনি এ সময় সামাজিক মাধ্যমে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ার উল্লেখ করে বলেন ওই কল রেকর্ডের কথোপকথন শুনলে স্পষ্ট বোঝা যায় স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের কিছু ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে সোহেল রানাকে পরিকল্পিতভাবে অপদস্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শুধু তাই নয় তারা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকেও প্রভাবিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহরাব আলী, অর্থ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন বেলাল, ওলামা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, পৌর ভারপ্রাপ্ত সেক্রেটারি মিরু হাসান ও পৌর যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।