Print Date & Time : 11 November 2026 Wednesday 12:47 am

ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন

ইরফান উল্লাহ, ইবি: এক যুগ পার হলেও ফেরেননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাস। তাদের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ‘আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে?’ ‘ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস ভাইদের সন্ধান চাই’, ‘ ভাইদের উদ্ধারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে’,

‘আমার ভাইদের ফিরিয়ে দিন অথবা তাদের লাশের সন্ধান দিন’, ‘আর কতদিন পথ চেয়ে বসে থাকবো, সন্তানের লাশটাও কি পাব না- তাদের মা’, ‘এখনো অপেক্ষায় আছে আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ ভাইয়ের মা।’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে গুম করা হয়। আজ ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। এসময় অন্তর্বর্তী সরকারের কাছে তাদের ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি বলেন, আমাদের দুই ভাই কি কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদঘাটন করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাই।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, তারা একসাথে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। সূত্র মতে বাসটি সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৮ থেকে ১০ জন আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ ক্যাম্পাসে না ফেরায় তাঁদের বন্ধুরা পরিবারকে জানান। এরপর অনেক খোঁজাখুঁজির করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।