Print Date & Time : 12 November 2026 Thursday 3:43 pm

কলাপাড়ায় অটোভ্যান চালক অপহরণ: তিনজন আটক, যুবক উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় এক অটোভ্যান চালককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মহিপুর উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা গ্রামের বাসিন্দা মো. হাসানের ছেলে রাফি খান (১৯) জীবিকার তাগিদে ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন। গত ১৩ জুন কয়েকজন ব্যক্তি তার অটোভ্যান ভাড়া নিয়ে কুয়াকাটার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পরে পরদিনও ভাড়া নেওয়ার কথা বলে তারা রাফির মোবাইল নম্বর সংগ্রহ করেন।

পরদিন সকালে অভিযুক্তরা রাফিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর ব্রিজ সংলগ্ন আবুল কাশেম জামে মসজিদের সামনে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে তাকে জোর করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অপহরণের পর দুর্বৃত্তরা রাফির পরিবারের সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে নিরাপদে ফেরত পাওয়ার আশায় রাফির বাবা প্রথমে ৫০ হাজার টাকা প্রদান করেন। তবে বাকি অর্থ পরিশোধ না করলে রাফিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। রাতেই বাসস্ট্যান্ড এলাকা থেকে জাহিদ প্যাদা ও ইমরান গাজী নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত রাফিকে উদ্ধার করা হয়। একই অভিযানে তার অটোভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং কোয়েল গাজী নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া রাফি জানান, অপহরণের পর তাকে একটি নির্জন স্থানে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। অপহরণকারীদের উদ্দেশ্য ছিল তার পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা। পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাফির বাবা মো. হাসান বাদী হয়ে কলাপাড়া থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশের তাৎক্ষণিক অভিযানে অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার এবং তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।