Print Date & Time : 16 November 2026 Monday 8:51 am

কলাপাড়ায় ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের আহ্বান জানান।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।