Print Date & Time : 14 November 2026 Saturday 4:50 am

কলাপাড়ায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

গোফরান পলাশ, কলাপাড়া(পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ১০০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার বিকেলের শেষ দিকে কলাপাড়া পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

কলাপাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জালের ব্যবহার, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, অভিযানে জব্দ করা ১০০০ পিস জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।