Print Date & Time : 15 November 2026 Sunday 3:14 am

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। এছাড়া সে পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মৃত নারী পুলিশ সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়দা তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।