Print Date & Time : 17 November 2026 Tuesday 12:02 am

কলাপাড়ায় বন্যপ্রাণী পুনর্বাসনে ‘এনিমেল শেড’ উদ্বোধন

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধারকৃত বন্যপ্রাণীর পরিচর্যা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘এনিমেল শেড’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শেডটির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এনিমেল শেড’ উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মনিরুজ্জামান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু এবং এনিমেল লাভার্স পটুয়াখালী শাখার সদস্য মোহাম্মদ বাইজীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্সের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও চিকিৎসার সুবিধার্থে জেলা প্রশাসনের উদ্যোগে এই শেড নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এনিমেল লাভার্সের সদস্যরা বিভিন্ন বিষধর সাপ ও হিংস্র প্রাণী উদ্ধার করে থাকেন। এসব কাজে আধুনিক সরঞ্জামের প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে চাহিদাপত্র দেওয়া হলে তা বিবেচনা করে সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করা হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ ধরনের কার্যক্রমে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।