গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে পটুয়াখালীর কলাপাড়ায় লাল কার্ড প্রদর্শন করেছে শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা। একই অনুষ্ঠানে ঝরে পড়া রোধে সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে শিক্ষা ও আয়বর্ধনমূলক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত সভায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন।
আভাসের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন আভাসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু।
অনুষ্ঠানে পাঁচজন মেয়েশিশুকে পাঁচটি বাইসাইকেল, ১০ জনকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং ১৫ জন মেয়েশিশুর পরিবারকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে আয়বর্ধনমূলক সহায়তা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এসব সহায়তার মাধ্যমে মেয়েশিশুদের শিক্ষায় ধরে রাখা, ঝরে পড়া কমানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোই কর্মসূচির মূল লক্ষ্য।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।