Print Date & Time : 13 November 2026 Friday 1:30 pm

কলাপাড়ায় হামে আক্রান্ত শিশুরা সুস্থ হয়ে ফিরছে বাড়ি

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় স্বস্তি ফিরছে রোগী ও স্বজনদের মধ্যে। চিকিৎসক, নার্স ও অভিভাবকদের নিবিড় পরিচর্যায় চিকিৎসা নিয়ে অধিকাংশ শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৩৩ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালের ইনডোরে ১০ জন রোগী ভর্তি রয়েছে। তাদের অবস্থাও এখন অনেকটাই উন্নতির দিকে। গত মঙ্গলবার থেকে পরবর্তী নয় দিনে নতুন করে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীদের প্রায় ৯০ শতাংশই এক থেকে আট বছর বয়সী শিশু।

হাম আক্রান্ত শিশুদের পাশাপাশি হাসপাতালে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরও চিকিৎসা চলছে। স্থানীয় রোগীদের পাশাপাশি পার্শ্ববর্তী তালতলী, আমতলী ও রাঙ্গাবালী উপজেলা থেকেও অনেকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে আসছেন।

শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিকাশ রায় বলেন, আগের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা কমেছে। হাম আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে। তাই এ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কারণ নেই।

শিশুদের সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য প্রশাসনের আন্তরিক চিকিৎসা ও সেবার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।