গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম নূর মোহাম্মদ হাওলাদার। ভুক্তভোগী শিশুর মা খাদিজা বেগম বাদী হয়ে বুধবার (২২ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে, ওইদিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত ৭ জুলাই দুপুরে, মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া গ্রামে। ঘটনার দিন জীবিকার তাগিদে বাবা এবং জরুরি কাজে মা বাড়ির বাইরে ছিলেন। ঘরে কেবল ওই শিশু ও তার ছোট ভাই অবস্থান করছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে বাইরের লোকজনের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর থানায় অভিযোগ জানাতে দেরির কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা জানান, প্রথমদিকে লোকলজ্জার ভয় এবং স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের আশায় তারা পুলিশের দ্বারস্থ হননি। তবে সামাজিকভাবে কোনো সুষ্ঠু বিচার না পাওয়ায় শেষ পর্যন্ত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন তারা।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) আসামি নূর মোহাম্মদকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।”
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।