Print Date & Time : 12 November 2026 Thursday 4:59 pm

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩০ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকলা ফুড প্রডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা বেশ কিছু দিন ধরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিল। কিন্তু শ্রমিকদের দাবীর বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ওই কারখানা কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার মুল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শ্রমিকরা। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে। কিন্তু তাদের দাবীর বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে ক্ষিপ্ত হয়ে উঠেন শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা ওই কারখানায় ভাংচুর করে বাইরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থান করে।
পরে তারা ওই মহাসড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহন ভাংচুর চালায়। এতে মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হলে প্রায় দেড় ঘন্টা চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, মৌচাক ফাঁড়ি পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায় পুলিশ বাধ্য হয়েই শ্রমিকদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে ধীরে ধীরে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এ ঘটনায় কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে এ বিষয়ে জানতে ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সরকার ঘোষিত যে নতুন বেতন কাঠামো করা হয়েছে। সেটা আমাদের কারখানায় দেওয়া হচ্ছে না। পূর্বের বেতনের টাকায় তো সংসার চলে না। কোনো মতে খেয়ে না খেয়ে জীবন চলছে। তাই সরকার যে বেতন নির্ধারণ করেছে, আমরা সেটাই চাই। আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। কিন্তু বহিরাগতরা ও পুলিশ কেন আমাদের ওপর হামলা করবে? আমাদের অনেক শ্রমিক ভাই-বোন গুরুতর আহত হয়েছেন। তবে মালিকপক্ষ যদি সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না করে, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এ বিষয়ে গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি। কিন্তু শ্রমিকরা কোনো কথা না শুনেই কারখানা ভাংচুরে চেষ্টা চালায় এবং মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ কারণে পুলিশ অনেকটা বাধ্য হয়েই লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//