Print Date & Time : 12 November 2026 Thursday 6:49 am

কিশোর গ্যাং নির্মূলে মৌলভীবাজারে মানববন্ধন

নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের জনগণ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা ফয়ছল আহমদ, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, সমাজকর্মী জি.এম. মুক্তাদির রাজু, এম. মুহিবুর রহমান, শিক্ষার্থী হাসান আহমদ রাতুল, যুবদল নেতা আমীর মোহাম্মদ এবং কিশোর গ্যাংয়ের হামলায় আহত শিক্ষার্থী হাসান আহমদের বাবা মিন্টু মিয়া ও চাচা শাহীন মিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শহরের ব্যস্ততম কুসুমবাগ এলাকায় মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রাণঘাতী হামলা চালায়। গুরুতর আহত হাসান বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, শুধু এই ঘটনাই নয়, একই দিন শহরের গুরুত্বপূর্ণ আরও দুটি স্থানে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এর আগেও শহরের পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় তরুণ আইনজীবী সুজন মিয়া নিহত হন। এরপর থেকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ বাড়ছেই বলে অভিযোগ করেন তারা।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জেলা শহরে প্রকাশ্যে চলমান কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।