Print Date & Time : 13 November 2026 Friday 1:20 am

কুড়িগ্রামে এমপিও ভূক্তির দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে অধ্যক্ষ আব্দুল হাই মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক পনির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক লস্কর আলী, অর্থ সম্পাদক অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আখতার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ূন আহমেদ, অধ্যক্ষ এরশাদুল হক খান প্রমুখ।

এসময় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীবৃন্দের দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

বক্তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, বিগত সরকার তাদের দলীয় নেতাকর্মীদের অবকাঠামো হীন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করলেও রাজনৈতিক কারণে আমাদেরকে অধিকার বঞ্চিত করে রেখেছিল। তাই স্বীকৃতপক্ষে সকল চলমান এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওকরণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন হবে। সেই কর্মসূচিতে টিয়ারশেল বা গরম পানি নিক্ষেপ করে বাধা প্রদান করা হয় এবং কোন শিক্ষক কর্মচারী যদি মারা যান। আমরা সেই শিক্ষক কর্মচারীর লাশ বাড়িতে না পাঠিয়ে সারাদেশ কাঁধে করে ঘুরে দেখাবো। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে হলেও দাবি আদায় করে ঘরে ফিরবো।