Print Date & Time : 16 November 2026 Monday 8:15 am

কুমারখালিতে সাউন্ড বক্স ও মাইক ব্যবহার নিষিদ্ধ

কুষ্টিয়া : সুন্নতে খৎনা অনুষ্ঠানে একদিন সাউন্ড বক্স গান বাজানো হয়। মুসল্লিদের অসন্তোষের কারণে তা বন্ধ করা হয়। এরপর শুক্রবার গ্রামে আলোচনা সাপেক্ষে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রাম এলাকায়। সম্প্রতি সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো নিষিদ্ধ করা হয়েছে এলাকায়।নএ নিয়ে প্রচার মাইকিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রামে জানানো হয়।

মসজিদ কমিটির ঘোষণা অনুযায়ী, জেনে বা না জেনে কেউ যদি এই নিয়ম ভাঙে, তাহলে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে এবং কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না।

বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটির ইমাম ও খতীব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, ‘গত ২৭ মার্চ জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে, বড় মাজগ্রাম মহল্লার অধীনে কোনো বাড়িতে সাউন্ড বক্স বা মাইকসেট বাজানো হলে তাদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সব কার্যকলাপ থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ, তাদের মসজিদে মসতি নেওয়া যাবে না এবং কবরস্থানে দাফনও করা হবে না।’

তিনি আরও বলেন, কোরআনে গানবাজনা নিষিদ্ধ। সম্প্রতি কিছু বিয়ে ও সুন্নতে খৎনা অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হয়েছে, যা অসুস্থ মানুষসহ সাধারণ জীবনের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে। এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কুরবান আলী বলেন, ‘নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এবং অসুস্থ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন না ঘটে সে জন্য সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুষ্ঠান প্যান্ডেল করে আয়োজন করতে কোনো বাধা নেই।’

গ্রামের এক ঘটনা অনুসারে, জমারত আলী ও রুপা খাতুন দম্পতির বাড়িতে তাদের ৭ বছর বয়সী নাতি আলিফের সুন্নতে খৎনা অনুষ্ঠানে একদিন সাউন্ড বক্স বাজানো হয়। মুসল্লিদের অসন্তোষের কারণে তা বন্ধ করা হয়। এরপর শুক্রবার গ্রামে আলোচনা সাপেক্ষে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

রুপা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নাতির খৎনায় মাত্র একদিন বক্সে গান বাজানো হয়েছে। নামাজ ও আযানের সময় সব সময় বন্ধ ছিল। তবু মসজিদ কমিটির কিছু লোক প্রভাব দেখিয়ে গ্রামে ঝৈঝামেলা সৃষ্টি করছে।’

কুমারখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার লিটন আব্বাস বিষয়টিকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে বলেন, ‘প্রতিটি মানুষ স্বাধীন। কারো ওপর চাপ প্রয়োগ করা যায় না। বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’

মসজিদ কমিটির সভাপতি আমির হোসেন জানান, ‘উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানো বন্ধ করার বিষয়ে সকলের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে মাইকিংয়ে প্রচারের বিষয়টি তিনি জানেন না।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, দেশের প্রচলিত আইনে এভাবে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।