এসএম জামাল,কুষ্টিয়া: পুতুল নাচ গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। গানের তালে তালে ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য। গ্রামীণ জনপদে শিশু-কিশোর ও সর্বস্তরের মানুষের বিনোদনের মাধ্যম। পুতুল খেলা শিশুদের কাছে উৎসবের মতো।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বৈশাখী উৎসব আয়োজিত মুক্তমঞ্চে দর্শকদের জন্য পুতুল নাচ দেখানোর ব্যবস্থা হয়েছিল।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফ শেখ এ পুতুল নাচ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, এক সময় রাত জেগে গ্রামের মানুষেরা ভিড় করতো এই পুতুল নাচ-গানের আসরে। পুতুল নাচের গল্পে তুলে ধরা হতো সে সময়ের মানুষের ধর্মকথা, নীতিকথা, সুখ–দুঃখ, রঙ্গরস, হাসি-ঠাট্টা ও নিত্যদিনের জীবনাচরণ। কাঠের পুতুল অথবা সোলা দিয়ে পুতুল তৈরি করে, সেটাতে রঙ তুলির আঁচড় দিয়ে, বিভিন্ন বর্ণিল সাজে সাজিয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে সুতা দিয়ে হেলিয়ে দুলিয়ে নাচায় এই পুতুল নাচের আসরে।
তিনি আরও বলেন, কুষ্টিয়া জনপদের বিনোদনে পুতুল নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তবে কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই পুতুল নাচ আজ প্রায় বিলুপ্তির তালিকায় নাম লিখিয়েছে। তাই এই ঐতিহ্য পুতুল নাচ ধরে রাখতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
পুতুলনাচের দৃশ্য যেন অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।
পুতুলের কিচিরমিচির শব্দে কিছু কথা বোঝা যাচ্ছে, তবে হারমোনিয়াম আর সাউন্ড সিস্টেমের মাধ্যমে শিল্পী এবং সেই পুতুলের কণ্ঠনালীকে তুলে সুর মেলাচ্ছিলেন আবদুল কুদ্দুস।
বেশ কিছু মেয়ে পুতুলের সাজসজ্জার পাশাপাশি রাজা রানী, চৌকিদার, দাসী, পাইক পেয়াদা, সাপুড়িয়াসহ কুষ্টিয়ার বাউল সম্রাট ফকির লালন শাহয়ের বাউলশিল্পীদের একটি দলের সমন্বয়ে ফুটিয়ে তোলা হয়েছিলো পুতুল নাচের।
উপস্থিত দর্শকরা উপভোগ করছিলেন এই পুতুল নাচের। তবে উপস্থিত দর্শকরা পুতুল নাচ দেখে মুগ্ধ তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন নি।
কুষ্টিয়ার ‘মনহারা’ পুতুল নাচের যৌবনে দীপ্তমান কদর থাকলেও আজ প্রায় বিলুপ্তির পথে। তবে আজো বিশেষ কোন আয়োজন ও গ্রামীণ ঐতিহ্যের বাহক হিসাবে প্রদীপের মতো টিপ টিপ করে বেঁচে আছে দেশের বিখ্যাত পুতুল নাচ ‘মনহারা’ পুতুল নাচ। এই দলের পুতুল নাচ দেখলে সত্যিই যে কারও মন হারিয়ে যায়।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনে কথা হয় আব্দুল কুদ্দুসের সঙ্গে।
আব্দুস কুদ্দুস বলেন, ১৯৬৫ সালে তখন আমার বয়স ৯-১০ বছর। আমার বাবা খুবই সৌখিন মানুষ ছিলেন। তিনি আমাকে বিভিন্ন গান-বাজনা শেখানোর জন্য পুতুল নাচের ‘মনহারা’ পুতুল নাচের দলে নিয়ে যায়। সেখানে শুকচান মাল নামের একজন ওস্তাদের কাছে নিয়ে যায় আমাকে। আমি তখন দেখতে খুব সুন্দর ছিলাম। সেখানে মাস কয়েক পুতুল নাচের বিভিন্ন গান শিখি। বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে পুতুলের সঙ্গে নাচ-গান করি। এরই মধ্যে ওস্তাদের প্রিয় হয়ে উঠি। প্রায় ১৬ বছর আমি পুতুল নাচের আসরে পুতুলের সাথে মেয়ে সেজে গান করি। ৪-৫ দিন অনুষ্ঠান করলে আমি ৫০-১০০ টাকা পেতাম।
‘১৯৭২ সালে মনহারা পুতুল নাচের দলটির দায়িত্ব আমি পাই। তখনো ওস্তাদ আমার সাথে থাকতেন। তারপর ওস্তাদ শুকচান অসুস্থ হয়ে মারা যান। দলের প্রায় দুর্দিন নেমে আসে। আমাদের পুতুল নাচের দলে ছিল ১৪ জন সদস্য। এর মধ্যে ১০ জন গানের তালে পুতুলকে পরিচালনা করতো। বাকিরা বাদ্যযন্ত্র বাজাতো আর গান গাইতো। ১৯৭৫ সালে আমি হারমনি বাজানোর প্রশিক্ষণ নেয় কুষ্টিয়া শিল্পকলা থেকে। তারপরে দলের দুর্দিন প্রায় কাটিয়ে উঠি। একটা অনুষ্ঠানে গেলে আরেকটি অনুষ্ঠানের দাওয়াত পেতাম। বেশ ভালোই চলছিল আমাদের পুতুল নাচ। কুষ্টিয়াসহ বেশ কিছু অঞ্চলে পুতুল নাচ করে বেশ সুনাম অর্জন করি।’ আমি যতদিন বেঁচে আছি এই পুতুলের সাথেই জীবনটা কাটিয়ে দেবো। মানুষের মনে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো।
দর্শক আবদুল হাকিম বলেন, এই প্রথমবারের মতো পুতুল নাচ দেখলাম। বাচ্চাদের সাথে নিয়ে এসেছিলাম বিলুপ্তির পথে যাওয়া এই পুতুল নাচ দেখে আমরা অভিভূত।
গণমাধ্যম কর্মী মিজানুর রহমান নয়ন বলেন, পুতুল নাচ বাংলার মানুষের প্রাচীন একটি ঐতিহ্য। এই পুতুল তৈরি করতে যেমন অর্থের প্রয়োজন তেমনি এই নাচ-গান পরিচালনার জন্যেও অর্থের প্রয়োজন। তবে বর্তমানে অশ্লীল নাচ গানের কারণে এই গান করতে নানান বাধার সম্মুখীন হতে হয়।’ আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে এই বিলুপ্তির পথে পুতুল নাচকে যেভাবে বৈশাখী উৎসবে মানুষের জন্য প্রদর্শন করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। আগামী প্রজন্মের জন্য এই পুতুল নাচ ঐতিহ্য বহন করবে বলে আমি মনে করি।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আহমেদ বলেন, বৈশাখী উৎসব অনুষ্ঠানে যেন আমার আশেপাশের কয়েকটি এলাকার মানুষ সুস্থ ধারার বিনোদন উপভোগ করতে পারে এজন্য গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্য লাঠিখেলা পুতুল নাচ বানর খেলা সাপ খেলাসহ নানান আয়োজন করা হয়। এটা যেন চলমান থাকে আমার এ ফাউন্ডেশনের উদ্যোগে ডার ব্যবস্থা নিশ্চিত করবো।