এনামুল হক কুষ্টিয়া :
কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
নতুন বিদ্যুৎ সংযোগের ফাইল এবং মিটার প্রতি ৫ থেকে ৬ শত টাকা অতিরিক্ত আদায়ের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে।
এই অবৈধ অর্থ আদায়ের প্রতিবাদ করায় গত ৪ মার্চ ওজোপাডিকো কার্যালয়ের ভেতরেই হামলার শিকার হয়েছেন লাইনম্যান কাজী আশাবুল হায়দারসহ আরও বেশ কয়েকজন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪ মার্চ সকালে ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ কার্যালয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের সময় প্রতিবাদ করেন লাইনম্যান (সি) কাজী আশাবুল হায়দার, ইলেকট্রিশিয়ান সজল আহম্মেদ এবং সাহায্যকারী নাসির উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত ক্যাডার শামিউর রহমান শুভ ও সুজনের নেতৃত্বে সজল ও তার বাহিনী নিয়ে লোহার রড ও এঙ্গেল দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় আশাবুল হায়দারের ডান চোখের নিচে গুরুতর জখম হয় এবং একটি দাঁত ভেঙে যায়। সজল আহম্মেদের ডান হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সরেজমিনে ওজোপাডিকোর কুষ্টিয়া আঞ্চলিক অফিসে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের অনেকেই জানান, এই চাঁদাবাজি সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন ওজোপাডিকোর খোদ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
হামলার শিকার আশাবুল হায়দার জানান, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অতিরিক্ত এই অর্থের ভাগ যায় নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই-শবনম ও ঠিকাদার সিন্ডিকেটের সদস্য শাহান শাহ্ সহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার পকেটে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বরং তিনি দায় এড়িয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দেন। আরো এই ঘটনায় ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি “উপরের মহলের অনুমতি নেই” বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই-শবনমের বিরুদ্ধে অর্থ ভাগ নেওয়ার অভিযোগ উঠলে তাকে সরজমিরে গিয়ে পাওয়া না গেলে পরে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন টি রিসিভ করেননি।
ঘটনার পর থেকে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন আহত কর্মচারী ও তাদের পরিবার।
তারা জানায়, আমরা শুধুমাত্র দুর্নীতির প্রতিবাদ করেছিলাম। সরকারি অফিসে বসে প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি চলবে এটা মেনে নেওয়া যায় না।
কুষ্টিয়ার সচেতন মহল মনে করছে , ওজোপাডিকো’র এই ঘুষ বাণিজ্য এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি আরও বাড়বে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন মাতুব্বর কে জিজ্ঞাসা করলে তিনি বলেন মামলা প্রক্রিয়াধীন আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।