Print Date & Time : 13 November 2026 Friday 4:48 am

কুষ্টিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ যোহর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে এ গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেতৃত্বকে হারিয়েছে।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।