নিজস্ব প্রতিবেদক: বর্তমান ভেজাল বিরোধী অভিযান ঝিমিয়ে পড়ায় সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে রমরমাভাবে চলছে কুষ্টিয়ার সুমনা বেকারী।
বিএসটিআই’র অনুমোদন না থাকলেও ব্যবহার করা হচ্ছে বিএসটিআই’র সিল। কারখানার ঠিকানা গোপন করে বেকারী সামগ্রীর প্যাকেটে জগতি রেল বাজার ঠিকানা লেখা হচ্ছে। তাই বেকারীর সামনে নেই কোন সাইনর্বোড বা ব্যানার। এই অবৈধ বেকারিতে তৈরি হচ্ছে বিস্কুট, রুটি, চানাচুর, লাড্ডু, কেকসহ যাবতীয় বেকারী সামগ্রী।
এ ছাড়াও আরও কয়েকটি কারখানার মালিক বিএসটিআই’র ভূয়া সিল তৈরী করে রমরমা ব্যবসা করে আসছে। এদের মধ্যে সুমনা নামের বেকারীর সকল কেক বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী গরুর গোয়াল ঘরে তৈরি করা হচ্ছে। কেউ কেউ তৈরী করছে রান্না ঘরে। প্রকৃতপক্ষে এখানকার বেকারীর কারখানা স্বাস্থ্যসম্মত নয়। সাইন বোর্ড ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে দাপটের সাথে কতিপয় অসাধু ব্যবসায়ীরা প্রতারণামূলক বেকারী ব্যবসা চালিয়ে আসলেও এসব দেখার যেন কেউ নেই।
শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে ময়দা ছানার মেশিন ছাড়াই হাত দিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে চলছে বিস্কুট, কেকসহ যাবতীয় বেকারী সামগ্রী তৈরির কাজ। এপ্রোন ও হাতের গ্লোপর্স ছাড়াই অপরিস্কার লুঙ্গি পরে ও খালি গায়ে দাঁড়িয়ে শ্রমিকরা বিভিন্ন কায়দায় এ সকল বিস্কুট, কেকসহ যাবতীয় বেকারী সাম্রগ্রী তৈরির কাজ করছে।খাদ্য সামগ্রী প্যাকেট করার সময় ভেতরে দেয়া লেভেলে কোন তৈরি ও মেয়াদোত্তীর্ণ’র তারিখ দেয়া হচ্ছে না। এসব খাদ্য সামগ্রী কোন রকম স্বাস্থ্যসম্মত নয় বলে জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গোয়াল ঘরের ওই বেকারীতে গিয়ে দেখা গেল একজন শ্রমিক পায়ে পলিথিন জড়িয়ে ময়দা মাখাচ্ছে। এ ব্যাপারে ওই বেকারীর মালিক রমজানের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ছোট ব্যবসা। আমার ময়দা মাখানোর মেশিন টি বিকল হয়ে পড়েছে। মেরামত করার সুযোগ পাইনি। আজই মেরামত করবো। অর্ডার রয়েছে অনেক তাই হাত দিয়ে ময়দা মাখানো সম্ভব হয়না বলে কর্মচারীরা আমাকে না জানিয়েই সাবধানে পায়ে নতুন পরিস্কার পলিথিন লাগিয়ে এমন কাজ করে ফেলেছে। এটা ওদের উচিৎ হয়নি। আমি ক্ষমা প্রার্থী। আর এমন হবেনা
কয়েকজন ক্রেতা বললেন, এখান থেকে মাল কিনে বিক্রি করে বেশি লাভ হয়। এছাড়াও এখান থেকে আমি সবচেয়ে কম মূল্যে কিনতে পারি। এরা বাঁকিতে মাল দিয়ে যায়। বিক্রি করে অর্থ পরিশোধ করি। সুমনা বেকারীর মালিক রমজানকে বলা হয় আপনি কিভাবে সরকারী অনুমোদন ছাড়া এই গোয়াল ঘরে বেকারী ফ্যাক্টারী চালাচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি চুপ করে থাকেন।