কুষ্টিয়া প্রতিনিধি:
‘মৌলবাদ – সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করে গনতান্ত্রিক সমাজ সম্ভব নয়’ এই প্রতিপাদ্যে চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুষ্টিয়ার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় কুষ্টিয়া জামাল উদ্দিন খানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নিদু খন্দকারের সঞ্চালনায় পৌরসভার বিজয় উল্লাস চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় নজরুল সাহিত্যকর্ম ও মানব সভ্যতায় নজরুলের আবশ্যকতার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুজ্জামান, সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু।
নেতৃবৃন্দ বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, শিশু সাহিত্য, নাটক, গীতিকাব্য, সংগীত, সাংবাদিকতা, অভিনয় ইত্যাদি সর্বত্র ছিল তাঁর পদচারণা। কবি নজরুল বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লিখেছেন, রাজপথে লড়াই করেছেন, জেল খেটেছেন। ১৯২২ সালে তাঁর ভাঙ্গার গান বৃটিশ সরকার বাজেয়াপ্ত করে। আমরা বৃটিশ ও পরে পাকিস্তানী প্রায় উপনিবেশিক শাসক থেকে মুক্ত হলেও আজো সাম্রাজ্যবাদী নয়া উপনিবেশিক শোযণ থেকে মুক্ত হতে পারিনি। যেমনি হাসিনা সরকারের সময় ভারতের সার্থে সুন্দরবনের ক্ষতি হবে জেনেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান করেছে, তেমনি নির্বাচনের মাত্র ৩ দিন আগে সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। এতে আমাদের কৃষি শিল্প শুধু ক্ষতিগ্রস্ত হবে না,স্বাধীনতা – সার্বভৌমত্বের উপরও আঘাত আসবে। কবি নজরুল অসাম্প্রদায়িকতার জয়গান গেয়েছেন। অথচ আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িকতা- মৌলবাদের চাষ হচ্ছে। তথাকথিত তৌহিদী জনতার নামে সন্ত্রাসীরা মাজার- মন্দির, সাংস্কৃতিক কর্মকান্ড, ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ করে যাচ্ছে। কবি নজরুল এই বকধার্মিক – ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে সেদিন ক্ষুরদার লিখনী ধারণ করেছিলেন। কবি নজরুল নারী- পুরুষের সমান অধিকারের কথা বলেছেন। অথচ এখনো নারীরা সম্পত্তির সমানাধিকার পায়নি। নারীর উপর সহিংসতা প্রতিনিয়ত বাড়ছে। কবি নজরুল শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে লিখেছেন, একটি শোষনমুক্ত সমাজের আকাঙ্খা ব্যক্ত করেছেন। কিন্তু বর্তমানে শ্রমজীবীদের উপর শোষণ – আক্রমণের মাত্রা ব্যাপক বেড়েছে। শ্রমিকরা ন্যায্য দাবী তুললে গুলি খেয়ে মরতে হয়।আজো শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষনা হয়নি। নেতৃবৃন্দ বলেন, কবি নজরুলের সৃষ্টি কর্ম থেকে শিক্ষা নিয়ে বর্তমান শোষণমূলক পূঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের শোষণমুক্তির সংগ্রামের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে চারণের শিল্পীবৃন্দ সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। সভায় চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুষ্টিয়া জেলার নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। জামালউদ্দীন খানকে সভাপতি ও খন্দকার হেদায়েত উল্লাহ নিদু’কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //