Print Date & Time : 13 November 2026 Friday 10:12 pm

কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

নাব্বির আল নাফিজ, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় জেলি যুক্ত ২৭ কেজি চিংড়ি জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে কুষ্টিয়ার পৌরবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়ওা খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান এবং মনোয়ার মাছের তিন দোকানিকে প্রতি জন ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে জব্দকৃত ২৭ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করে গড়াই নদীতে ফেলে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ মাসুম আলী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।