এসএম জামাল, কুষ্টিয়া : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল বিকেলে কুষ্টিয়া শহরের ধোঁয়া রেস্টুরেন্টে আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’-এর উদ্যোগে ‘অগ্নিপাখি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিধান চন্দ্র রায়।
বিশ্বভরা প্রাণের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আব্দুল্লাহ সাঈদ ও কবি জুয়েল মৃধা। কবিতা আবৃত্তি করেন তিলোত্তমা বিশ্বাস, হাসি খাতুন, অ্যাডভোকেট ঝুমুর ও বিনোদ কুমার আগরওয়ালা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য ও সাংস্কৃতিক ভাবনা তুলে ধরেন কথাসাহিত্যিক, কবি ও শিল্পী সুব্রত চক্রবর্তী, সংগীতশিল্পী বিপ্লব মৈত্র এবং আবৃত্তিশিল্পী শিশির কুমার বিশ্বাস।
আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, মানবপ্রেম ও সাম্যের দর্শন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা ও সাম্যের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত সমাজের অন্যায়, শোষণ-বঞ্চনা এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে মানুষকে সাহস জোগায়।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে নজরুলের জীবন, কর্ম ও দর্শন তুলে ধরতে নিয়মিত সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করবে।
আয়োজকরা জানান, নজরুলের সৃষ্টিশীলতা ও জীবনদর্শনকে কেন্দ্র করে সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানোই তাঁদের আয়োজনের মূল লক্ষ্য।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //