Print Date & Time : 14 November 2026 Saturday 10:51 pm

কুষ্টিয়ায় নিষিদ্ধ সংগঠনের নেতা সাইদুজ্জামান অস্ত্রসহ গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, বাঁশের লাঠি, লোহার রড ও ইটের ভাঙা অংশসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইদুজ্জামান (৩৮) খোকসা উপজেলার বনগ্রাম এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি ৩ নম্বর বেতবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখের দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। ওই বিশেষ অভিযানে বনগ্রাম এলাকা থেকে সাইদুজ্জামানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাশকতা মূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে পরস্পর সমবেত হয়ে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষে বিস্ফোরক দ্রব্য নিজেদের হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল ও আসামির নিকট থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে (সাত) টুকরা বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ (কালো টেপ ও টিনের টুকরা, এগারো টি বিভিন্ন সাইজের বাঁশের লাঠি, সাত টি বিভিন্ন সাইজের লোহার রড, ২টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত অসংখ্য ইটের ভাঙা অংশ, ৪টি 7up লেখা কাচের বোতল।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব জানান, নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিষয়ে খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন, মানুষ হিসেবে উচ্চতা তিন ফুট সর্বোচ্চ হবে, তার ৬ ফুট হেডাম।তারা আওয়ামী লীগ করে চুপচাপ এলাকায় থাকুক, কর্নেল আতিকের ভাই তপু বিদেশে থাকে। সে বাড়ি এসেছে। সে বাড়ি এসে নাকি চেয়ারম্যান নির্বাচন করবে, নির্বাচন করবে ভালো কথা কিন্তু তাই বলে আওয়ামী লীগের লোক দিয়ে। তার এক ভাই কর্নেল বলে তিনি বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে বলেছে তোদের ধরে কিটা আমি এগুলো দেখবো। সেজন্য আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকদের ওপর চড়াও হচ্ছে।

তিনি আরো বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, চারদিন আগে একটা সালিশ করতে গিয়েছিল বনগ্রাম পূর্বপাড়া আমিও সেখানে উপস্থিত ছিলাম, সে জায়গাটা সাইদুজ্জামানের রহমানের নেতৃত্বে, দেশীয় অস্ত্র রামদা, ঢাল সুরকি ফালা আমাদের উপরে হামলা করে। আমরা এক পর্যায়ে ওখান থেকে পপালিয়ে জানে বাঁচি। এর থেকে খারাপ আর মানুষ হতে পারে না আর কি বলবো ভাই।

খোকসা থানার নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃত আসামি সাইদুজ্জামানের মামলা নং :১০।

তবে এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //