এনামুল হক কুষ্টিয়া : দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মহাল দখলের অভিযোগ নতুন নয়।
স্থানীয়দের দাবি, জেলায় প্রায় ২৭টির বেশি বালু মহালই ক্ষমতাসীন দলের প্রভাবশালী বালুখোরদের নিয়ন্ত্রণে, যেখানে তথাকথিত ইজারার নামে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবাধ লুটপাট। নদীর বুকে বালু তুলতে তুলতে ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকিতে পড়ছে নদীবাঁধ, বসতভিটা ও ফসলি জমি।
এই প্রেক্ষাপটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া–তালবাড়ি এলাকায় পৃথক অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। রবিবার (২৮ ডিসেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী করম আলী ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের আলামত পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন- শুধু জেল জরিমানা নয়, বছরের পর বছর যারা সিন্ডিকেট করে বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা না নিলে নদী ও সরকারি রাজস্ব উভয়ই ক্ষতির মুখে পড়বে। একইসঙ্গে তারা আশা করছেন, এই অভিযানকে একদিনের কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে নিয়মিত করা হবে এবং বালুখোর সিন্ডিকেটের বিরুদ্ধে বড় ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করবে প্রশাসন।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফেরার পাশাপাশি অবৈধ বালু খেকো চক্র সতর্ক হবে বলে আশা করা হচ্ছে।