Print Date & Time : 17 November 2026 Tuesday 6:36 am

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: ৩ জন বরখাস্ত

এনামুল হক কুষ্টিয়া:

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৩ জন শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দি-পুব-২৭৩ (দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া) কেন্দ্রে ১৭ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরণের চরম গাফিলতি এবং ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের দায়ে কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কক্ষ পর্যবেক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষকরা হলেন:
১. জনাব মো. ইয়ার আলী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব।
২. জনাব মোছা. রাশিদা খাতুন, সহকারী শিক্ষক, সুড়কাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা এবং কক্ষ পর্যবেক্ষক।
৩. জনাব মো. বাইরুল ইসলাম, সহকারী শিক্ষক, বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর এবং কক্ষ পর্যবেক্ষক।
সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই ৩ জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এই সিদ্ধান্তের অনুলিপি পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে যে, এই ১৭ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ এবং তাদের মেধার সঠিক মূল্যায়নের বিষয়ে বিশেষ বিবেচনা করা হবে, যাতে ভুল প্রশ্নপত্রের কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়।