Print Date & Time : 15 November 2026 Sunday 9:17 pm

কুষ্টিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারীকে মারধর ও ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বৃষ্টি বিশ্বাস (২৮) নামের এক গৃহবধূ ও তার বড় বোনকে এলোপাতাড়ি মারধর, শ্লীলতাহানি এবং ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল মাদক কারবারির বিরুদ্ধে।

আজ রবিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী বৃষ্টি বিশ্বাস বাদী হয়ে আজ বিকেলে কুষ্টিয়া মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— সুখনগর বস্তি এলাকার পূজা (৪০), অনিতা (৪৫), জিৎ (২২) এবং উত্তম (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। রবিবার সকালে ৩নং বিবাদী জিৎকে হাতেনাতে মাদক বিক্রি করতে দেখে ভুক্তভোগী বৃষ্টি বিশ্বাস তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বৃষ্টির ওপর চড়াও হয় এবং তাকে চুল ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে।
বোনকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, তাকে মারধরের সময় তার বড় বোন পপি (৪০) উদ্ধার করতে এগিয়ে আসলে মাদক কারবারিরা তাকেও মাটিতে ফেলে বুকে ও মাজা লক্ষ্য করে লাথি মারে। একপর্যায়ে ৩ ও ৪ নম্বর বিবাদী তার বড় বোনের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করে।
মাথায় পাথরের আঘাত ও ছিনতাই
মারধরের একপর্যায়ে ৩নং বিবাদী জিৎ হত্যার উদ্দেশ্যে রেললাইনের পাথর দিয়ে বৃষ্টির মাথায় আঘাত করে, যা তার কপালে লেগে রক্তাক্ত জখম হয়। এ সময় ভুক্তভোগীর কান ও গলায় থাকা আনুমানিক ১ লাখ ১২ হাজার ২০০ টাকা মূল্যের সাড়ে ৭ আনা ওজনের স্বর্ণের দুল ও চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে আহত দুই বোন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ জানায়, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //