Print Date & Time : 12 November 2026 Thursday 4:45 pm

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মাদক মামলায় সুজন মণ্ডল (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রোববার (১২ জুন) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের মৃত সাদেক মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় সুজন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুলাই সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামের পশ্চিমপাড়ায় ঈদগাহ ময়দানের সামনে মাদক বিরোধী অভিযানে সুজন মণ্ডলের কাছে থাকা একটি প্লাস্টিক বস্তা থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় সেদিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়। 

আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম। ৭ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন মণ্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শুধু মাদক ব্যবসায়ী নয়, তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। 

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি সুজন মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১২,২০২২//