এসএম জামাল, কুষ্টিয়া থেকে : মা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সংগ্রামী মায়েদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ভিশন কুষ্টিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও পেশাদার পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিশন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা লিনা জাকির, যিনি পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট পাপিয়া জামান এবং বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আকরাম হোসেন বাবু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন মা শুধু একটি পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম কারিগর। সংগ্রামী মায়েদের সম্মান জানানো মানে সমাজের ত্যাগ, ভালোবাসা ও মানবিক মূল্যবোধকে সম্মান জানানো। তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিভিন্ন সংগ্রামী মায়েদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে ভিশন কুষ্টিয়ার সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভিশন কুষ্টিয়ার সভাপতি খন্দকার আব্দুল মজিদ আয়োজন সফল করতে সহযোগিতা করায় উপস্থিত অতিথি, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিশন কুষ্টিয়ার সভাপতি খন্দকার আব্দুল মজিদ জানান, পাঁচ জন মাকে সংগ্রামী মা হিসেবে এবং অন্য পাঁচজনকে অদম্য নারী ক্যাটাগরিতে সর্বমোট ১০ জনকে এবং একজনকে সুপার ওম্যান হিসেবে এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আকরাম হোসেন বাবুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।