Print Date & Time : 12 November 2026 Thursday 4:52 am

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত,গ্রেপ্তার ১

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন।

পুলিশ জানায় ঘটনার পর থেকে কিশোর ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই সূত্রে প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান সনাক্ত করে পুলিশ।

গত সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টায় কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে স্কুল থেকে ফিরে নিজ বাসার প্রবেশ গেটে অপেক্ষারত অবস্থায় হামলার শিকার হন ১০ম শ্রেনীর স্কুলছাত্রী। দীর্ঘদিন ধরে উত্ত্যোক্ত করে আসা অভিযুক্ত কিশোর ইমন ওই ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবার।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে ওই কিশোরী রোগীর। সোমবার দুপুরে হাসপাতালে আনার পর জরুরী শল্য চিকিৎসাসহ নিবির পর্যবেক্ষনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তার স্বাস্থ্যে উন্নতি হচ্ছে এবং রোগী এখন আশঙ্কামুক্ত।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //