Print Date & Time : 16 November 2026 Monday 10:22 am

কুষ্টিয়ায় ৭ থানায় ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

নাজমুল হাসান:
কুষ্টিয়ায় জেলার সাতটি থানায় একযোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষ ও চালকদের সচেতন করতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া ট্রাফিক অফিসের মজমপুর রেলগেট চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেক চালককে দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন ও সড়কের সংকেত মেনে চলতে হবে।

চালকদের উদ্দেশে তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, গাড়ি চালানোর সময় সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। ঘুম বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনোভাবেই যানবাহন চালানো যাবে না। একই সঙ্গে যানবাহন চালানোর সময় ট্রাফিক সিগন্যাল ও অন্যান্য আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মোটরসাইকেল চালকদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেন পুলিশ সুপার। তিনি মোটরসাইকেলে চলাচলের সময় চালকসহ আরোহী প্রত্যেককে হেলমেট ব্যবহারের পরামর্শ দেন।

পরে পুলিশ সুপার উপস্থিত সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে জেলার সাতটি থানায় একই সঙ্গে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে চালক, পথচারী ও সাধারণ নাগরিকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমানোর উদ্যোগ জোরদার করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ট্রাফিক কুষ্টিয়ার ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, কুষ্টিয়ার সব থানার অফিসার ইনচার্জসহ জেলা ট্রাফিক পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //