Print Date & Time : 19 November 2026 Thursday 10:59 am

কুষ্টিয়ার ৪ আসনে ২৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৫ জন প্রার্থীর হাতে তাদের স্বস্ব দলীয় ও বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

​প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সঙ্গে নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, “নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি প্রতিটি প্রার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।” তিনি আরও সতর্ক করে দেন যে, প্রচার-প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর থেকেই কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই মূলত নির্বাচনি আমেজ শুরু হয়েছে। প্রার্থী ও তাদের সমর্থকরা নিজ নিজ এলাকায় প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।

​উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসন থেকে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের মাধ্যমে আজ থেকেই তারা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করার সুযোগ পাচ্ছেন।

ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//২১জানুয়ারি ২০২৬//