Print Date & Time : 14 November 2026 Saturday 10:05 am

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক: সংস্কারের এক মাস না যেতেই উঠছে পাথর!

নাজমুল হাসান :

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ ও নিয়মিত চলাচলকারী যানবাহনের চালকরা। কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার মহাসড়ক সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২২ কোটি টাকা। সে হিসেবে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা।
সম্প্রতি কুষ্টিয়ার ভাদালিয়া থেকে আলামপুর পশুহাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে সংস্কার কাজ শুরু হয়। তবে কাজের প্রথম ধাপ শেষ হওয়ার এক মাস না যেতেই সড়কের বিভিন্ন স্থানে পাথর উঠে যাওয়া এবং ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিপুল অর্থ বরাদ্দের পরও সংস্কার কাজে প্রত্যাশিত মান বজায় রাখা হয়নি। তাদের দাবি, কাজের মান ভালো হলে এত অল্প সময়ের মধ্যে সড়কের এমন অবস্থা হওয়ার কথা নয়।
মহাসড়কটি নিয়মিত ব্যবহারকারী কয়েকজন বাস ও ট্রাক চালক জানান, সংস্কার করা অংশে আবারও আগের মতো সমস্যা দেখা দিচ্ছে। তাদের মতে, সড়ক নির্মাণে উপকরণের মান ও কাজের পদ্ধতি সঠিকভাবে নিশ্চিত করা হলে দ্রুত ক্ষতি হওয়ার সুযোগ কম থাকে।

তবে অভিযোগের বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কাফি হোসেন বলেন, “কাজের গুণগত মান ঠিক আছে। বর্তমানে প্রথম লেয়ারের ৫০ মিলিমিটার কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী লেয়ারের কাজ শেষ হলে রাস্তার পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হবে এবং স্থায়িত্ব বাড়বে।”

এ বিষয়ে খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, “আমার জানা মতে কাজের মান সঠিক হয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত তেল পড়ার কারণে পাথর উঠে যেতে পারে। দ্বিতীয় লেয়ারের কাজ করার সময় এসব সমস্যা সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “মহাসড়কের কাজ শেষ হওয়ার পরও যদি দ্রুত কোনো সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি জানালে প্রয়োজনীয়ব্যবস্থা নেওয়া হবে।”