Print Date & Time : 12 November 2026 Thursday 5:59 pm

কুষ্টিয়া–২ আসনে মনোনয়ন তুললেন সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম

মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) সংসদীয় আসনে সাবেক এমপি শহীদুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষের নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন। এতে করে এলাকাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে নেতাকর্মীদের একটি অংশ অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও ধারাবাহিক গণসংযোগ কর্মসূচি পালন করে আসছেন।
তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে অধ্যাপক শহীদুল ইসলামই এই আসনে বিএনপির জন্য সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তাঁকে মনোনয়ন না দিলে আসনটি ঝুঁকির মুখে পড়তে পারে। মাঠপর্যায়ে জামায়াতের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বলেও তারা দাবি করছেন।
এখনো পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মনোনয়ন বহাল রয়েছে বলে জানা গেছে।