Print Date & Time : 16 November 2026 Monday 5:48 am

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা এই র‍্যালিতে অংশ নেন।
এ সময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল- সাদা জার্সি। অনেকের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, বিশালাকৃতির ব্যানার এবং প্রিয় তারকা খেলোয়াড়দের প্ল্যাকার্ড। ভুভুজেলা বাঁশির শব্দে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। আর্জেন্টিনা , আর্জেন্টিনা, মেসি, মেসি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
​শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থকা মো: লালন শেখ বলেন, ফুটবল মানেই এক অন্যরকম আবেগ, আর সেই আবেগের বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনা । কোটালীপাড়ার মাটিতে আর্জেন্টিনার প্রতি ভক্তদের যে গভীর ভালোবাসা, আজ এই গণজোয়ার তারই প্রমাণ। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় দল সবসময় সুন্দর ফুটবল উপহার দিয়ে কোটি ভক্তের মন জয় করে রাখবে।