কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় রিফাত মিয়া (১ মাস ১০ দিন) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি পার্শ্ববর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শিশুটির মা রিয়া মনি তার এক মাস বয়সী সন্তানের চিকিৎসার জন্য আগৈলঝাড়ার আমবৌলা গ্রামের বাড়ি থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়া শেষে তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে নিজের বাবার বাড়ির উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে ভ্যানটি কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া শুরু করে। এ সময় সন্তানকে ঠিকমতো দেখার জন্য মা ওড়না সরাতে গেলে এক হাতে বোরকা ধরে রাখেন। হঠাৎ করে তার বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন এবং একই সঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে ছিটকে পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, দুর্ঘটনার শিকার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। পরবর্তীতে পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে চলে যান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //