গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হুমাইরা জান্নাত নামে এক মাস ২০ দিনের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা একে অপরকে হত্যার জন্য দায়ী করায় জিজ্ঞাসাবাদের জন্য বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক এলাকার মফিজ মিয়ার নতুন বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত হুমাইরা ওই এলাকার অলি উল্লাহ আজাদ (৩৫) ও পারুল আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারুল আক্তার তার পাঁচ বছর বয়সী ছেলে সিফাত ও মেয়ে হুমাইরাকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। শিশুটির বাবা অলি উল্লাহ ঘরের সামনের কক্ষে ঘুমান। ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে গিয়ে অলি উল্লাহ তার কোনো নড়াচড়া দেখতে পাননি। পরে পরিবারের সদস্যরা এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।
এরপর অলি উল্লাহ অভিযোগ করেন, শিশুটিকে তার মা হত্যা করেছেন। বিপরীতে পারুল আক্তার দাবি করেন, শিশুটির মৃত্যুর জন্য তার বাবাই দায়ী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ পরীক্ষা করে। এ সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি পুলিশের নজরে আসে।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. আবু কাউছার জানান, বাবা-মায়ের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ ছিল এবং মাথায়ও সমস্যা ছিল। জন্মের পাঁচ দিন পর অসুস্থতার কারণে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।
থানার ওসি মো. নুরুল হাকীম বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।