Print Date & Time : 18 November 2026 Wednesday 6:34 pm

খোকসায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা উপজেলা চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমাদুল হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
বিভিন্ন সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।

বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।