Print Date & Time : 17 November 2026 Tuesday 6:33 am

গাংনীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম, ঘর-বাড়ি ভাঙচুর

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামে জমি নিয়ে বিরােধের জের ধরে কালাম হােসেন (৬০) ও তার স্ত্রী রােকসানা খাতুনকে (৫৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
এসময় তাদের ঘর-বাড়ি ভাঙচুর করা হয়।
আহতদের বাড়ি গাঁড়াবাড়ীয়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন স্বামী-স্ত্রী।

জানা গেছে, গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মকলেছুর রহমান ও চাচা কালাম হােসেন তাদের শরীকানা জমির উপর দীর্ঘ বছর বসবাস করে আসছিলেন। ওই জমির ১৬ শতক জমি প্রতিবেশী সিদ্দিকুর রহমান দাবি করেন। এ নিয়ে ১৫ বছর যাবত দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছিল। ইতােমধ্যে জমির রায় মকলেছুর রহমানের পক্ষে হয়। তারপরও দু’পক্ষের মধ্যে মামলা চলে আসছিল। মামলা চলাকালীন অবস্থায় ওই জমি সিদ্দিকুর রহমান একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে মজিদুল ইসলামের কাছে গত ৪ বছর পূর্বে বিক্রি করেন। এনিয়ে গাঁড়াবাড়ীয়া গ্রামের মজিদুল ও তার পক্ষের মহিরুল ইসলাম, আলামিন হােসেন, রুহুল আমীনসহ বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মকলেছুর রহমানের চাচা কালাম হােসেন ও কালামের স্ত্রী রােকসানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আহত পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয়দের অভিযােগ, ওই জমি নিয়ে মামলায় পরাজিত হয়ে সিদ্দিকুর রহমান ইতােপূর্বে রাতের আঁধারে কালাম হােসেনের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে হামলা চালিয়ে আহত করে। সেই সাথে ঘরের টিন সেডের ছাউনি ভেঙ্গে গর্তের ভিতর ফেলে দিয়েছিল। আবারো ওই একই পরিবারের উপর হামলা চালালাে!

জমির মালিক মকলেছুর রহমান অভিযােগ করেন, স্থানীয় একটি মহলের ইন্ধনে এ হামলা করেছে প্রতিপক্ষরা।
এদিকে, এ ব্যাপারে হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তাদের বাড়িতে পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশের একটিদল পৌঁছেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //