প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনী বাজারের হাজী রিয়াজ উদ্দিন ভবনের সামনে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সরকারি জায়গা ফেলে রেখে মহাসড়ক খনন করে ড্রেন নির্মাণ করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গাংনী বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করতে গিয়ে বাজারের অসংখ্য দোকান ভাঙচুর করা হয়েছে। এমনকি দোকানের দেয়াল ভেঙে পড়ে একজনের মৃত্যুও হয়েছে।
অভিযোগ রয়েছে, হাজী রিয়াজ উদ্দিন ভবনের সামনে ড্রেন নির্মাণে সড়ক ও জনপদের প্রায় ৮-১০ ফুট জায়গা ফেলে রেখে সরাসরি মহাসড়ক খনন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখলে থাকায় মহাসড়ক নির্মাণে জটিলতা দেখা দিয়েছে। এ বিষয়ে একাধিকবার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা গাংনী বাজার পরিদর্শন করলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয়রা আরও জানান, হাজী রিয়াজ উদ্দিন ভবনের সামনের গোল সিঁড়ির একটি অংশ সড়ক ও জনপদ কর্তৃপক্ষ ভেঙে দিয়েছিল। কিন্তু সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আত্মীয় হওয়ার সুবাদে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেটি আবারও মেরামত করা হয়েছে। বর্তমানে একই প্রভাব খাটিয়ে ড্রেন নির্মাণে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম রেজা বলেন, “রাজনৈতিক চাপে স্বাভাবিক নিয়মের বাইরে থেকে ড্রেন নির্মাণ করতে বাধ্য হচ্ছি।”
এবিষয়ে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ কারণে গাংনী পৌরসভার প্রকৌশলীকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং সবার সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।
ড্রেন নির্মাণে এ ধরনের অনিয়মের কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের দাবি, সরকারি জায়গা দখলমুক্ত করে নিয়ম অনুযায়ী ড্রেন নির্মাণ করতে হবে।