রোমান আহমেদ, জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলায় গোপনে এক প্রবাসী স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে হয়রানির ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের দেউলাবাড়ি সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার ছাদেক আলীর ছেলে ও মেলান্দহ পৌর বাজারের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী।
অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম মেলান্দহ পৌর এলাকার (শাহীন স্কুলের ভবন) নিজস্ব বাসায় বসবাস করতেন ও প্রবাসীর স্ত্রী পাশাপাশি একটি বাসার তৃতীয় তলায় ভাড়ায় বসবাস করতেন। গত বুধবার রাত ৮টার দিকে বাথরুমে গোসল করার সময় শফিকুল ইসলাম তার নিজের বাসা থেকে কৌশলে মুঠোফোনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দিয়ে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক ভাবে বিষয়টি তিনি স্বীকার করেছেন। আলামত হিসেবে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //